বাংলায় দুর্গাপূজার মঞ্চে তৃণমূলকে তুলোধোনা সুনীল বনসলের!
বার্তা ডেস্কঃ
দেবীপক্ষ শুরু হতেই রাজ্যজুড়ে মহাসমারোহে দুর্গাপুজোর উদ্বোধন চলছে। বিভিন্ন মণ্ডপে গিয়ে প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা ফিতা কাটছেন। এই আবহে দুর্গাপুরের ক্লাব স্যান্টোসে তৃতীয়ার দিন পুজো উদ্বোধনে যোগ দিয়ে শাসকদল তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল। অনুষ্ঠানমঞ্চ থেকে মন্তব্য করতে গিয়ে তিনি জানান, বাংলায় রাজনৈতিক পটপরিবর্তনের পর আমজনতার পাশাপাশি এক অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে। বিগত সরকারের আমলে উৎসব পালনে যে সমস্ত প্রতিবন্ধকতা ও বিধিনিষেধ ছিল, তা পেরিয়ে এবার রাজ্যবাসী স্বতঃস্ফূর্তভাবে আনন্দে মেতে উঠেছেন।
তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের শাসনকালকে নিশানা করে বিজেপি নেতা দাবি করেন, তৎকালীন সরকারের একাধিক বাধার কারণে মানুষ ঠিকমতো উৎসব পালন করতে পারত না। এবার নতুন রাজ্য সরকারের অধীনে বাংলায় রেকর্ড সংখ্যক ১২,৪০০টি নতুন দুর্গাপুজো বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষ অত্যন্ত স্বচ্ছন্দ ও উৎসাহের সঙ্গে পুজো উদযাপন করছেন উল্লেখ করে তিনি কটাক্ষের সুরে বলেন, এই পরিবর্তন শুধু বাঙালিই অনুভব করছে না, এবার বিজেপিশাসিত বাংলায় স্বয়ং মা দুর্গাও যেন এক আলাদা মুক্তি অনুভব করছেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও বিজেপির অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন।