কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে হামলা চেষ্টা, আটক সন্দেহভাজন মহিলা!

বার্তা ডেস্কঃ

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনের সামনে তাঁর উপর হামলার চেষ্টার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেসের দাবি, মঙ্গলবার সন্ধ্যায় এক মহিলা ছুরি হাতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওপর চড়াও হওয়ার চেষ্টা করেন। অভিযুক্ত মহিলা নিজেকে সিভিক ভলান্টিয়ার এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাগ্নি হিসেবে পরিচয় দিয়েছিলেন। ওই মহিলা মাদকাসক্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ তুলেছেন সাংসদ দোলা সেন। তিনি আরও জানান, পুজোর উদ্বোধনে যাওয়ার সময় ওই মহিলা মমতার দিকে এগিয়ে এসে গালিগালাজ শুরু করেন এবং রাস্তায় শুয়ে পড়েন। এই ঘটনাকে কেন্দ্র করে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছেন শাসকদলের নেতারা।

ঘটনার পরেই কালীঘাট থানার ওসি-কে ইমেল করে পুরো বিষয়টি জানান দোলা সেন। পাশাপাশি, উপস্থিত পুলিশকর্মীদের নিষ্ক্রিয়তার অভিযোগও তুলেছেন তিনি। এই পরিস্থিতিতে বর্তমান সরকারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল শিবির। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পর থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অভিযুক্ত মহিলাকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ। ধৃত মহিলার নাম অনুসূয়া সাহা, যিনি নিউ আলিপুরের বাসিন্দা। তাঁর আসল উদ্দেশ্য কী ছিল এবং এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *