এক ডোজেই বিদায় ম্যালেরিয়া! কলকাতা মেডিক্যাল আনছে যুগান্তকারী সাফল্য
বার্তা ডেস্কঃ
কলকাতা মেডিক্যাল কলেজে চলছে ম্যালেরিয়ার নতুন ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল। ইতিমধ্যেই ১১০ জনের ওপর ট্রায়াল সম্পন্ন হয়েছে এবং লক্ষ্যমাত্রা পূরণের জন্য আর মাত্র ১০ জন বাকি রয়েছে। স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে শরীরে প্রবেশ করা প্লাজমোডিয়াম পরজীবীর সুপ্ত জীবাণু বা হিপনোজোয়াইট বারবার সংক্রমণ ঘটিয়ে ম্যালেরিয়া ফিরিয়ে আনে। নতুন এই ওষুধটি সেই সুপ্ত জীবাণুকে ধ্বংস করে পুনরায় রোগ ফিরে আসার আশঙ্কা চিরতরে দূর করবে বলে মনে করছেন চিকিৎসকরা।
দেশজুড়ে মাত্র তিনটি স্থানে অর্থাৎ মুম্বই, গুজরাত ও কলকাতায় প্রায় ৩৫০ জনের ওপর এই ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নজরদারি থাকা এই ওষুধ প্রস্তুত করছে গ্ল্যাক্সো কো ম্পা নি, যা সম্পূর্ণভাবে ভারত সরকার সংগ্রহ করে সরকারি হাসপাতালগুলিতে বিনামূল্যে সরবরাহ করবে। জেরিয়াট্রিক মেডিসিন বিভাগের প্রধান ডা. অরুণাংশু তালুকদার জানিয়েছেন, এই ওষুধ সফল হলে রোগীদের বারবার হাসপাতালে ভর্তির চাপ কমবে এবং স্বাস্থ্য ব্যবস্থার পাশাপাশি অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে।