ঘাটালে সরকারি খাল বুজিয়ে বেআইনি নির্মাণ, হাই কোর্টে বড় ধাক্কা!
বার্তা ডেস্কঃ
ফি বছর বন্যায় ডোবা ঘাটালের চরম দুর্দশার নেপথ্যে সরকারি খাল বুজিয়ে বেআইনি নির্মাণের অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন এক স্থানীয় বাসিন্দা। অভিযোগে জানানো হয়েছে, ঘাটালের দাসপুর থানার বেনাই গ্রামসহ একাধিক এলাকায় মূল নদী থেকে আসা জলনিকাশি খাল বুজিয়ে এবং রাজ্য সড়ক দখল করে ব্যাঙের ছাতার মতো বেআইনি নির্মাণ গড়ে তোলা হয়েছে। হাওড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুরের সংযোগস্থলের কাছাকাছি ঘাটাল-কোলাঘাট সড়কের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় সরকারি জমি দখলের ফলে রাস্তার প্রস্থ কমে গিয়ে সাধারণ মানুষের চলাচল চরম ব্যাহত হচ্ছে এবং জরুরি পরিষেবা বিঘ্নিত হচ্ছে।
আবেদনকারীর দাবি, পঞ্চায়েত কর্তৃপক্ষের কোনো অনুমোদিত বিল্ডিং প্ল্যান ছাড়াই স্রেফ সরকারি জমি ও পিডব্লিউডি-র জায়গা দখল করে এসব নির্মাণ চালানো হয়েছে। খালের অস্তিত্ব মুছে যাওয়ায় এলাকার জলনিকাশি ব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। স্থানীয় প্রশাসনের কাছে একাধিকবার লিখিত অভিযোগ জানিয়েও কোনো সুরাহা না মেলায় শেষ পর্যন্ত আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। জনস্বার্থে দায়ের করা এই মামলায় বেআইনি নির্মাণ ভাঙা, দখলীকৃত সরকারি জমি পুনরুদ্ধার এবং নিকাশি খাল দ্রুত সংস্কারের জন্য কঠোর আইনি পদক্ষেপের আর্জি জানানো হয়েছে।