অর্ধেক দামেই মিলবে ওষুধ! সরকারি হাসপাতালে চালু হচ্ছে জনঔষধি কেন্দ্র
বার্তা ডেস্কঃ
চিকিৎসা ব্যবস্থার আধুনিকীকরণের পাশাপাশি সাধারণ রোগীদের স্বস্তি দিতে এক বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। সরকারি হাসপাতালগুলিতে প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্র চালুর ক্ষেত্রে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেল গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই কেন্দ্রগুলির সুষ্ঠু পরিচালনা, মানসম্মত পরিষেবা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে। কলকাতার প্রথম সারির একাধিক হাসপাতাল সহ রাজ্যের মোট ষোলোটি চিকিৎসাকেন্দ্রে এই প্রকল্পের সুবিধা মিলবে।
ইতিমধ্যেই বেসরকারি সংস্থাকে যুক্ত করতে টেন্ডার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। প্রথম পর্যায়ে কলকাতার এগারোটি এবং জেলার পাঁচটিসহ মোট ষোলোটি হাসপাতালে এই জনঔষধি কেন্দ্রগুলি গড়ে উঠবে। এর মধ্যে কলকাতা মেডিক্যাল কলেজ, এনআরএস, এসএসকেএম এবং সাগর দত্ত ও মেদিনীপুর মেডিক্যাল কলেজের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলি রয়েছে। কম দামে ভালো মানের জেনেরিক ওষুধ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। স্বাস্থ্য দপ্তরের কড়া নির্দেশ, দ্রুত সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে এই পরিষেবা চালু করতে হবে।