রাহুলের জন্যই বিপর্যয়, ২৯-এ ফের হারের প্রস্তুতি নিন!

বার্তা ডেস্কঃ

ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর) বিতর্ক ও ‘ভোটচুরি’ ইস্যুতে দিল্লির রাজনীতি তোলপাড়। ঠিক এই আবহেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, রাহুল রাজনীতিতে আসার পর থেকেই একের পর এক নির্বাচনে হারছে কংগ্রেস। স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, এসআইআরের বিরোধিতার মাধ্যমে আসলে অনুপ্রবেশকারীদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে, যা দেশবাসী বুঝে গিয়েছেন। বিরোধীপক্ষকে নিশানা করে তিনি স্পষ্ট বার্তা দেন যে, আগামী ২০২৯ সালের লোকসভা নির্বাচনেও চরম পরাজয়ের জন্য কংগ্রেসের প্রস্তুত থাকা উচিত।

সম্প্রতি সম্পন্ন হওয়া গুজরাটের পুরসভা নির্বাচনের ফলাফল টেনেও রাহুল ও কংগ্রেসকে বিঁধেছেন অমিত শাহ। গান্ধীনগর-সহ তিনটি পুরসভাতেই গেরুয়া শিবিরের বিপুল জয়ের কথা উল্লেখ করে তিনি জানান, ভোটাররা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষেই রায় দিয়েছেন। গত ৪১ বছরে গান্ধীনগরে কংগ্রেস জয়ে ব্যর্থ হলেও, এবার বিজেপির ভোটের হার ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গান্ধীনগর পুরসভার ৪৪টি আসনের মধ্যে ৩৮টি আসনই বিজেপির দখলে গিয়েছে, যেখানে কংগ্রেস পেয়েছে মাত্র ৫টি আসন এবং আপ খাতা খুলতেই পারেনি। স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, এই ফল সমগ্র দেশের ভোটারদের মনোভাবেরই স্পষ্ট প্রতিফলন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *