দুর্গাপুজো কি মৌলিক অধিকার? মণ্ডপের অশান্তিতে হাইকোর্টের চরম বার্তা!
বার্তা ডেস্কঃ
ব্যারাকপুরের উত্তর পলাশি সংহতি এলাকায় টানা ৩৩ বছর ধরে নারীদের উদ্যোগে আয়োজিত একটি দুর্গাপুজোকে কেন্দ্র করে তীব্র জটিলতার সৃষ্টি হয়েছে। পুজো পরিচালনার অধিকার নিয়ে দুটি পৃথক সংগঠনের মধ্যে তৈরি হওয়া সংঘাত শেষ পর্যন্ত গড়ায় আদালতে। এই মামলার শুনানিতেই এক চাঞ্চল্যকর পর্যবেক্ষণ পেশ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। তিনি প্রশ্ন তোলেন, দুর্গাপুজো করা কি কোনো মৌলিক অধিকারের অংশ নাকি পুজো করতে না দিলে সংবিধানে প্রদত্ত সমতার অধিকার সরাসরি লঙ্ঘিত হয়?
বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, কারা পুজো পরিচালনা করবে তা নির্ধারণ করা আদালতের কাজ নয়। যদি কোনো পক্ষ মণ্ডপে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হয়, তবে সেটি সম্পূর্ণ তাদের ব্যক্তিগত দায়। মামলাটি চলাকালীন কোনোভাবেই যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত না হয় এবং পুজো প্রাঙ্গণে অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এলাকার নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে স্থানীয় জেটিয়া থানাকে অবিলম্বে বিতর্কিত ওই এলাকা সরেজমিনে পরিদর্শন করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।