উৎসবের মুখে লাগামহীন মূল্যবৃদ্ধি, নাভিশ্বাস আমজনতার!
বার্তা ডেস্কঃ
উৎসবের মরশুমে আমজনতার পকেটে বড়সড় টান ফেলতে চলেছে পাইকারি বাজারের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, আগস্টে পাইকারি মূল্যবৃদ্ধির হার ৯.৯২ শতাংশ থাকলেও সেপ্টেম্বরে তা একধাক্কায় বেড়ে দাঁড়িয়েছে ১১.৩৯ শতাংশে।মূলত জ্বালানি, বিদ্যুৎ এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম একলফে অনেকখানি বৃদ্ধি পাওয়ার ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।আগস্টের তুলনায় সেপ্টেম্বরে জ্বালানি ও বিদ্যুতের পাইকারি দর ২৫.৮৫% বেড়েছে এবং অশোধিত পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের খাতে দাম বৃদ্ধি পেয়েছে ৫৭.৩২%।
পাইকারি বাজারের পাশাপাশি খুচরো বাজারের মুদ্রাস্ফীতিও নতুন রেকর্ড তৈরি করেছে। সেপ্টেম্বরে খুচরো মুদ্রাস্ফীতি বেড়ে ৫.৫৪ শতাংশে পৌঁছেছে, যা গত ২৩ মাসের মধ্যে সর্বোচ্চ এবং নতুন সিপিআই পদ্ধতিতে গণনার পর থেকে সর্বকালের রেকর্ড। যদিও এই হার কেন্দ্র নির্ধারিত ৬ শতাংশের সহনসীমার নিচেই রয়েছে, তবে তা রিজার্ভ ব্যাংকের ৪ শতাংশের লক্ষ্যমাত্রাকে ছাপিয়ে গিয়েছে। বাজার বিশেষজ্ঞদের মতে, পাইকারি পণ্যের এই আকাশছোঁয়া দর সরাসরি না হলেও পরোক্ষভাবে সাধারণ মানুষের খরচ কয়েক গুণ বাড়িয়ে দেবে।