মানত পূরণ! কলেজ পড়ুয়ার হাতে গড়া দুর্গা প্রতিমা পেলেন গ্রামবাসী
বার্তা ডেস্কঃ
বীরভূমের ময়ূরেশ্বর নিমাডাঙাল গ্রামের কলেজ পড়ুয়া বাপ্পাদিত্য দাস নিজের মানত পূরণে প্রথমবার বড় দুর্গা প্রতিমা তৈরি করে গ্রামের পুজো কমিটিকে সম্পূর্ণ বিনামূল্যে উপহার দিলেন। সাঁইথিয়া কলেজের কলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র বাপ্পাদিত্যের ছোট থেকেই ছবি আঁকা এবং প্রতিমা তৈরির প্রতি গভীর অনুরাগ ছিল। গত পাঁচ বছর ধরে ছোট প্রতিমা বানালেও এই প্রথম তিনি এত বড় মৃন্ময়ী মূর্তি তৈরি করলেন। প্রায় তিন মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে চণ্ডীমণ্ডপে বসেই তিনি এই প্রতিমার কাঠামো তৈরি থেকে শুরু করে রূপদান সম্পন্ন করেছেন।
পড়াশোনার পাশাপাশি অবসর সময়ে তৈরি এই দেবীর রূপ ফুটিয়ে তুলতে বন্ধুদের সামান্য সাহায্য নিলেও মূল কাজটি তিনি নিজেই করেছেন। তাঁর এই অনন্য নিবেদন ও শিল্পকর্মে মুগ্ধ হয়ে গ্রামের পুজো কমিটি সানন্দে প্রতিমাটি গ্রহণ করেছে। চতুর্থীর আগেই কাজ শেষ হওয়ায় এবং নিজের হাতে গড়া প্রতিমা গ্রামের পুজোয় পুজিত হওয়ায় দারুণ খুশি এই তরুণ প্রতিভাবান শিল্পী। স্থানীয় বাসিন্দারাও বাপ্পাদিত্যের এই নিষ্ঠা ও প্রতিভার মুক্তকণ্ঠে প্রশংসা করছেন।