বাবার ভারত সফরের স্মৃতি টেনে তারেককে তীব্র খোঁচা হাসিনার, ব্রিকস বয়কট নিয়ে বিস্ফোরক প্রশ্ন!

বার্তা ডেস্কঃ

দিল্লিতে সদ্য সমাপ্ত ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগ না দেওয়ার সিদ্ধান্তকে ‘অপরিণত’ বলে কটাক্ষ করলেন সে দেশের ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি প্রশ্ন তোলেন, অতীতে তাঁর বাবা তথা রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ভারত সফর করেছিলেন, তখন দিল্লিতে তিনিও ছিলেন। তা হলে আজ এক ব্যক্তির রাজনৈতিক অস্বস্তির অজুহাতে কেন জাতীয় স্বার্থকে বিসর্জন দেওয়া হবে? হাসিনার মতে, এই বয়কটের ফলে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ হাতছাড়া হয়েছে এবং ঢাকারই আর্থিক ক্ষতি হয়েছে।

ব্রিকসের আউটরিচ পর্বে বিমসটেকের চেয়ারম্যান হিসাবে নয়াদিল্লির আমন্ত্রণ গ্রহণ না করায় ঢাকার বিদেশনীতি নিয়ে ইতিমধ্যেই কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। ২০২৪ সালের অগস্টে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই ভারতে অবস্থান করছেন হাসিনা। তাঁকে ঘিরে দুই দেশের মধ্যে চলা টানাপড়েনের জেরে তারেক রহমানের দিল্লি সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। হাসিনার স্পষ্ট বার্তা, রাষ্ট্রের বিদেশনীতি কোনও ব্যক্তিগত রাগ বা সাময়িক রাজনৈতিক হিসাবের উপর নির্ভর করে চলতে পারে না। দায়িত্বশীল সরকারের কাজ সুযোগ এড়িয়ে যাওয়া নয়, বরং দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থকে সবসময় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *