পাহাড়ে টয় ট্রেনের পাশে রিলসের নেশা! চরম বিপদে রেলের কড়া পদক্ষেপ।

বার্তা ডেস্কঃ

পার্বত্য অঞ্চলে রিলস তৈরি এবং পর্যটনের আনন্দ উপভোগের নামে চলন্ত টয় ট্রেনের গা ঘেঁষে বিপজ্জনকভাবে গাড়ি চালানো ও ছবি তোলার ঘটনায় কঠোর ব্যবস্থা নিচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। সম্প্রতি ১১ অক্টোবরের একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক গাড়িচালক রিলস বানানোর নেশায় বাষ্পচালিত টয় ট্রেনের অত্যন্ত কাছে গাড়ি নিয়ে যান, যা ট্রেনের ইঞ্জিনে ঘষা লেগে পাশে থাকা একটি স্কুটারকে ধাক্কা মারে এবং আরোহী দম্পতি ছিটকে পড়েন। এই ভয়ঙ্কর ঘটনার পর নড়েচড়ে বসেছে রেল কর্তৃপক্ষ। ঐতিহ্যবাহী এই হেরিটেজ ট্রেনের নিরাপত্তা বজায় রাখতে এবং অঘটন এড়াতে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দার্জিলিং হিমালয়ান রেলওয়ের অধিকর্তা ঋষভ চৌধুরী জানান, পর্যটক ও চালকদের বারবার নিরাপদ দূরত্ব বজায় রাখার অনুরোধ জানানো সত্ত্বেও অনেকেই সতর্কতায় কর্ণপাত করছেন না। সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে ট্রেন রুট সংলগ্ন এলাকাগুলিতে ট্র্যাফিক শৃঙ্খলা ও নজরদারি বহুলাংশে বাড়ানো হবে। নিয়ম লঙ্ঘন করে ট্রেনের গতিপথে বাধা সৃষ্টি করা, বেআইনি পার্কিং এবং জীবন বাজি রেখে ভিডিয়ো তৈরির বিরুদ্ধে স্থানীয় প্রশাসন ও পুলিশের সহায়তায় যৌথভাবে আইনি ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। ওই ঘটনায় জড়িত গাড়িটিকে ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে এবং চালকের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *