মাঝ আকাশে ককপিটে রক্তক্ষয়ী তাণ্ডব, চরম আতঙ্ক!
বার্তা ডেস্কঃ
দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাই দুবাইয়ের বিমানে মাঝ আকাশে সৃষ্টি হওয়া এক ভয়াবহ বিপর্যয়ের জেরে এবার কড়া পদক্ষেপ নিল ইজরায়েল। ওমানি পাইলট হামাম আল-হামামি বিমানটিকে জোরপূর্বক সৌদি আরবের দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলে কো-পাইলট স্মিত মচ্ছর তাকে বাধা দেন। সেই সময় ককপিটে থাকা কুঠার দিয়ে স্মিতের ওপর প্রাণঘাতী হামলা চালায় ওমানি পাইলট। রক্তাক্ত অবস্থাতেও স্মিত বুদ্ধি করে ককপিটের দরজা খুলে দিলে যাত্রীরা দ্রুত ভেতরে ঢুকে হামামকে ধরে হাত-পা বেঁধে ফেলেন। স্মিতের অসামান্য সাহস এবং যাত্রীদের তৎপরতায় বিমানটি বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়ে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়।
এই চাঞ্চল্যকর ঘটনার পরই আন্তর্জাতিক বিমানে সুরক্ষার দোহাই দিয়ে পাকিস্তান, বাংলাদেশ ও ইরানসহ ৩১টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের পাইলট এবং ক্রু সদস্যদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইজরায়েলের পরিবহন মন্ত্রক। নতুন নিয়ম অনুযায়ী, যেসব দেশের সঙ্গে ইজরায়েলের কূটনৈতিক সম্পর্ক নেই, সেই দেশের নাগরিকরা বিদেশি বিমান সংস্থার পাইলট বা কেবিন ক্রু হিসেবে ইজরায়েলের আকাশসীমায় প্রবেশ করতে পারবেন না। এয়ার ফ্রান্স ও ইউনাইটেড এয়ারলাইন্সের মতো বিশ্বখ্যাত বিমান সংস্থাগুলো ইতিমধ্যে ইজরায়েলের এই কঠোর নির্দেশ মেনে চলার ঘোষণা দিয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশসীমায় উদ্ভূত এই নতুন নিরাপত্তা ব্যবস্থার কারণে আন্তর্জাতিক বিমান পরিষেবা খাতে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।