পুজোর আগেই তিলোত্তমা স্তব্ধ, যানজট সামলাতে ১২ হাজার পুলিশ!
বার্তা ডেস্কঃ
চতুর্থী থেকেই উৎসবের আমেজে মেতে উঠেছে তিলোত্তমা কলকাতা। প্যান্ডেলমুখী পুজোপ্রেমীদের ঢল নামায় শহরের রাজপথে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। এই পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আজ থেকে রাস্তায় নেমেছেন ১২ হাজার পুলিশকর্মী এবং ২০ হাজার অস্থায়ী হোমগার্ড। পাশাপাশি, যান চলাচল স্বাভাবিক রাখতে মাঠে সক্রিয় রয়েছেন ৬ হাজার ট্রাফিক পুলিশ ও সমসংখ্যক ট্রাফিকের অস্থায়ী হোমগার্ড। মঙ্গলবার লালবাজারে ট্রাফিক কর্তাদের সঙ্গে বিশেষ বৈঠকের পর যান নিয়ন্ত্রণ সংক্রান্ত একাধিক কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শহরের বিভিন্ন বড় মণ্ডপ এবং শেষ মুহূর্তের পুজোর বাজারে মানুষের ভিড় বাড়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এই বিষয়ে কলকাতা পুলিশ কমিশনার জানান, উৎসবের কদিন বাইরের বহু মানুষ শহরে আসেন এবং শৃঙ্খলা বজায় না থাকলে সমস্যা তৈরি হতে পারে। বিশেষ করে মা ফ্লাইওভারের ওপর অতিরিক্ত চাপ এড়াতে মাঝপথে গাড়ি খারাপ হলে দ্রুত ক্রেন দিয়ে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। গড়িয়াহাট, নিউ মার্কেট, হাতিবাগান সহ বিভিন্ন শপিং জোন এবং অফিস ফেরত যাত্রীদের সামলাতে ট্রাফিক আধিকারিকরা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।