পুজোয় পুলিশি চমক, ভিড় নিয়ন্ত্রণে নেওয়া হলো বড় পদক্ষেপ!
বার্তা ডেস্কঃ 
শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের সুগম ও নিরাপদ মণ্ডপ দর্শনের লক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। উৎসবে বিশৃঙ্খলা এড়াতে ও যানজট সামলাতে শহরের বিডিও অফিস মোড়, দারিভিজা মোড় এবং আসাম মোড়ে ড্রপ গেট বসানো হচ্ছে। এর পাশাপাশি ভিআইপি মোড়, হাসপাতালপাড়া, বিবেকানন্দপল্লি, শ্মশানঘাট, সুভাষনগর স্কুল মোড় ও সিনেমা হল মোড়ে নো-এন্ট্রি জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। যেকোনো জরুরি স্বাস্থ্য পরিষেবা নিশ্চিতে শহরের দুটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অ্যাম্বুলেন্স এবং পুলিশের বিশেষ অ্যাসিস্ট্যান্ট বুথে অক্সিজেন সিলিন্ডারের সংস্থান রাখা হচ্ছে। ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতিও জরুরিকালীন সুবিধার কথা মাথায় রেখে পুলিশের এই সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগকে স্বাগত জানিয়েছে।
দর্শনার্থীদের সুবিধার জন্য প্রধান পুজো মণ্ডপগুলিতে বিশেষ গাইড ম্যাপ টাঙানো হবে এবং সাধারণ মানুষের সুবিধার্থে তা বিতরণও করা হবে। ট্রাফিক ব্যবস্থাপনা সুদৃঢ় করতে বিকেল ৪টের পর থেকে শহরে বড় গাড়ির প্রবেশের পাশাপাশি টোটো চলাচলও কঠোরভাবে নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত হয়েছে। রাত বাড়ার সাথে সাথে রাজপথে ভিড় বহাল থাকা পর্যন্ত টোটো চলাচল পুরোপুরি বন্ধ থাকবে এবং এ বিষয়ে আগাম সতর্কতামূলক মাইকিং করা হবে বলে ট্রাফিক পুলিশ ও ময়নাগুড়ি থানার আইসি শীর্ষেন্দু দাস নিশ্চিত করেছেন। পর্যাপ্ত ট্রাফিক কর্মী মোতায়েন রেখে সার্বিক উৎসব যেন সম্পূর্ণ নির্বিঘ্ন ও আনন্দময় থাকে, প্রশাসন সেই লক্ষ্যেই কাজ করছে।