জেল যাওয়ার ভয় নেই, তেরঙা ওড়াবই! কনট প্লেসে ডাক দিলেন অভিজিৎ-দীপক

বার্তা ডেস্কঃ

নয়া দিল্লি: জাতীয় পতাকা ওড়ানোর মতো অপরাধমূলক কাজ নয়—এই বার্তা দিয়ে আগামী ১৬ অক্টোবর দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি ঘোষণা করলেন ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। একই সঙ্গে, দলের দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে জেলে পাঠানোর তীব্র প্রতিবাদ জানিয়ে দেশবাসীকে এই কর্মসূচিতে দলে দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ভিডিও বার্তার মাধ্যমে অভিজিৎ দীপকে জানান, আগামী ১৬ অক্টোবর বিকেল ৫টায় কনট প্লেসের সেন্ট্রাল পার্কে সমস্ত দেশপ্রেমিকদের জাতীয় পতাকা নিয়ে জমায়েত হওয়ার অনুরোধ করা হচ্ছে। যাঁরা দিল্লির বাইরে রয়েছেন, তাঁদের নিজ নিজ শহরে সন্ধ্যায় ‘তেরঙ্গা মার্চ’ করার ডাক দিয়েছেন তিনি। তাঁর সাফ কথা, “এই কর্মসূচির জেরে আমাকেও যদি জেলে পাঠানো হয়, তাতেও আমি বিন্দুমাত্র ভীত নই। জাতীয় পতাকা আমাদের গর্ব, আর আমরা তেরঙাই ওড়াব।”

পুরো ঘটনার প্রেক্ষাপট:

দিল্লি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৩ অক্টোবর সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা এবং অজিঙ্ক্য শিন্দেসহ ‘ককরোচ জনতা পার্টি’-র মোট ১৪ জন সদস্য যন্তর মন্তরে পৌঁছন। যন্তর মন্তরকে প্রতিবাদের তালিকা থেকে বাদ দেওয়ার কারণে তাঁরা একটি বেসরকারি চত্বর দিয়ে সেখানে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ।

পুলিশের দাবি, বাধা দিতে গেলে তাঁরা পুলিশের কাজে বাধা দেন, যার জেরে ওই ১৪ জনকে আটক করা হয়। এই ঘটনায় দিল্লি পুলিশের পক্ষ থেকে দুটি পৃথক এফআইআর (কনট প্লেস থানা ও সংসদ মার্গ থানায়) দায়ের করা হয়েছে এবং ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন কড়া ধারায় মামলা রুজু করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *