দিল্লি বিমানবন্দরে ধুন্ধুমার! ‘দেশ কেন নষ্ট করছেন?’, বিক্ষোভের মুখে ককরোচ জনতা পার্টির প্রধান!
বার্তা ডেস্কঃ
নয়াদিল্লি বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে পড়লেন ককরোচ জনতা পার্টির (CJP) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। বিমানবন্দরের ভেতরে তাঁকে ঘিরে ধরে স্লোগান দেন সাধারণ মানুষের একটি অংশ। ‘দেশ কেন নষ্ট করছেন?’ এই প্রশ্ন তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি তাঁকে ঘিরে হইচই শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার একটি ভিডিও দ্রুত ভাইরাল হয়েছে, যেখানে বিক্ষোভকারীদের একাংশকে ‘চোর’ বলেও স্লোগান দিতে শোনা যায়। তবে এই বিক্ষোভকারীদের সঠিক পরিচয় এখনও পর্যন্ত স্পষ্ট করা সম্ভব হয়নি।
দিল্লিতে CJP-র তিন কর্মী সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা এবং অজিঙ্ক্য শিন্ডেকে আটকের ঘটনার পরেই এই উত্তেজনার সৃষ্টি হয়। নিষিদ্ধ ঘোষণা সত্ত্বেও যন্তর মন্তরে ব্যারিকেড ভেঙে প্রবেশের চেষ্টার অভিযোগে পুলিশ তাঁদের আটক করে। এই ঘটনার প্রতিবাদে আগামী ১৬ অক্টোবর কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা উত্তোলনের ডাক দিয়েছেন অভিজিৎ দীপকে। তেরঙা ওড়ানো কোনো অপরাধ নয় দাবি করে তিনি দেশবাসীকে এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।