হাসপাতালে ঢুকে পিটিয়ে হত্যা! মহানগরে কুরুচিকর মন্তব্যের জেরে মর্মান্তিক ঘটনা
বার্তা ডেস্কঃ
ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে বাংলাদেশে এক যুবককে দু’বার গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। দক্ষিণ-পশ্চিম বাংলাদেশের সাতক্ষীরা জেলার দেবহাটা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি অডিও ক্লিপে হজরত মহম্মদ সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ ওঠে ওয়াহিদুজ্জামান শামীম নামের ওই যুবকের বিরুদ্ধে। এর জেরে স্থানীয় বাসিন্দারা তাঁকে আটকে মারধর শুরু করলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
তবে চিকিৎসাধীন থাকা অবস্থায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। রাত সাড়ে আটটার দিকে প্রায় আড়াইশো মানুষের একটি উত্তেজিত দল দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চড়াও হয়। হাসপাতালের ওয়ার্ডে ঢুকে ওয়াহিদুজ্জামানকে টেনেহিঁচড়ে বাইরে বের করে আনা হয় এবং পুলিশ ও চিকিৎসকদের বাধা উপেক্ষা করে ফের ব্যাপক মারধর চালানো হয়। গুরুতর আহত অবস্থায় সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এই রিপোর্ট লেখা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি।