চিংড়িঘাটায় বাইক দুর্ঘটনা রুখতে কড়া পদক্ষেপ, রাতারাতি বসল ফাইবার ব্লক!
বার্তা ডেস্কঃ
রামধনু রঙে রাঙানোর পর একের পর এক মোটরবাইক পিছলে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়েচড়ে বসল রাজ্য সরকার। দুর্ঘটনা এড়াতে বুধবার সারারাত চিংড়িঘাটা ফ্লাইওভার বন্ধ রেখে জরুরি ভিত্তিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। উড়ালপুলের নির্দিষ্ট দূরত্বে ফাইবার ব্লক বসানোর পাশাপাশি রাস্তার অতিরিক্ত মসৃণতা কমানোর কাজ সম্পন্ন হয়েছে, যাতে গাড়ির চাকার ঘর্ষণ বা গ্রিপ বজায় থাকে।
দুর্গাপুজোর আগে কলকাতার সৌন্দর্যায়নের অংশ হিসেবে ফ্লাইওভারটিতে এই বিশেষ রঙের প্রলেপ দেওয়া হয়েছিল। কিন্তু এর জেরে রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়া এবং চালকদের চোখ ধাঁধাঁনো নিয়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে। যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে নিরাপত্তার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং জনগণের সুবিধার কথা মাথায় রেখে এই পরিবর্তন আনা হয়েছে। নতুন এই পদক্ষেপে আগামী দিনে দুর্ঘটনা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।