পঞ্চমীর আড্ডায় কি জল ঢালবে বৃষ্টি? আজ ভিজবে কোন কোন জেলা!
বার্তা ডেস্কঃ
উৎসবের আমেজে মেতে উঠেছে বাংলা। মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শন আর ঢাকের বাদ্যির মাঝেই আবহাওয়ার বড় আপডেট দিল হাওয়া অফিস। পঞ্চমী ও ষষ্ঠীতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কোথাও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বিকেলের দিকে তিলোত্তমায় মেঘলা আকাশের পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।
তবে উৎসবপ্রেমীদের জন্য স্বস্তির খবরও দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অষ্টমীর দিন থেকে একাদশী পর্যন্ত রাজ্যজুড়ে আবহাওয়া মূলত শুষ্ক ও পরিষ্কার থাকবে। সপ্তমীর দিন কেবল উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আপাতত মেঘ-বৃষ্টির খেলা চললেও ভারী দুর্যোগের কোনো আশঙ্কা নেই বললেই চলে। ফলে বৃষ্টির পূর্বাভাস থাকলেও পূজোর আমেজ উপভোগ করতে প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।