উৎসবের মরশুমে কেন বাড়ে একাকীত্ব, সঙ্গীর খোঁজে হন্যে কেন সবাই?
বার্তা ডেস্কঃ
অক্টোবর এলেই উৎসবের আমেজ ও শীতের প্রাক্কালে অনেকের মনে একাকিত্বের অনুভূতি তীব্র হয়ে ওঠে। সারাবছর নিজেদের সিঙ্গল জীবনে সুখী থাকা ব্যক্তিরাও এই সময়ে নতুন সঙ্গী খোঁজার দিকে ঝুঁকছেন। ২২ থেকে ৩৫ বছর বয়সি ১২ হাজার ডেটিং অ্যাপ ব্যবহারকারীর ওপর চালানো এক সমীক্ষায় দেখা গেছে, প্রায় ৪৯ শতাংশ মানুষ অক্টোবরে নতুন সঙ্গী পাওয়ার আশায় থাকেন। দুর্গাপুজো, কালীপুজো থেকে শুরু করে বড়দিন ও বর্ষবরণ পর্যন্ত সোশাল মিডিয়ায় যুগলদের নানা মুহূর্ত দেখে অনেকেই মানসিক চাপ অনুভব করেন। উদযাপনের এই দিনগুলিতে চারপাশের আনন্দদায়ক পরিবেশ একা থাকা মানুষদের মনের ওপর প্রভাব ফেলে, যার ফলে হুট করেই একটি সম্পর্কের প্রয়োজনীয়তা সৃষ্টি হয়।
বিশেষজ্ঞ ও মনস্তাত্ত্বিক গবেষণার মতে, উৎসব কেন্দ্রিক এই সাময়িক আকর্ষণ সবসময় সঠিক সিদ্ধান্ত নাও হতে পারে। শুধুমাত্র একাকিত্ব থেকে মুক্তি পেতে এবং আবেগের বশে গিয়ে সঙ্গী নির্বাচন করার ফলে অনেকে ভুল মানুষের সঙ্গে জড়িয়ে পড়েন। কলকাতার ৩১ বছর বয়সি অরুণের অভিজ্ঞতাও এই বিষয়ের একটি বাস্তব উদাহরণ। বন্ধুদের নিজেদের সঙ্গীদের সঙ্গে কেনাকাটা ও ভ্রমণের নানান পরিকল্পনা করতে দেখে তিনি হঠাৎ করেই পরিচিত এক মহিলার প্রতি নতুন করে আকর্ষণ অনুভব করতে শুরু করেন। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে জানিয়েছেন যে, কেবল উৎসবের মরশুমের সাময়িক শূন্যতা পূরণ করতে তাড়াহুড়ো করে সম্পর্কে জড়ানো ভবিষ্যতে মানসিক টানাপোড়েন ও ভুল বোঝাবুঝি বাড়াতে পারে।