বিদেশে নয় এবার সোজা ভারতে! ৮ বছরের পুরনো মানহানি মামলায় আইনি জালে ধ্রুব রাঠি
বার্তা ডেস্কঃ
ইউটিউবার ধ্রুব রাঠির আইনি জটিলতা আরও বাড়িয়ে দিল দিল্লির সাকেত আদালত।২০১৮ সালের একটি ফৌজদারি মানহানি মামলায় তাঁর বিরুদ্ধে নতুন করে সমন জারির নির্দেশ দেওয়া হয়েছে।‘আই সাপোর্ট নরেন্দ্র মোদী’ পেজের প্রতিষ্ঠাতা বিকাশ সাঙ্কৃত্যায়ন ওরফে বিকাশ পাণ্ডের দায়ের করা পুরনো এক ভিডিওর অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ করা হয়েছে।ধ্রুব রাঠি সাধারণত বিদেশে থাকলেও তিনি বর্তমানে ভারতে এবং গুরুগ্রামে অবস্থান করছেন—অভিযোগকারীর এমন প্রমাণের ভিত্তিতেই আদালত এই নির্দেশ দেয়।আগামী ১৭ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে।
ধ্রুব রাঠির ‘বিজেপি আইটি সেল পার্ট-২’ শীর্ষক একটি ভিডিওকে কেন্দ্র করে এই মানহানির মামলাটি দায়ের হয়েছিল। অভিযোগকারীর দাবি, ওই ভিডিওতে তাঁকে বিজেপির আইটি সেলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে উল্লেখ করার পাশাপাশি ভুয়ো খবর সরানোর জন্য অর্থ অফার করার মতো মানহানিকর দাবি করা হয়েছিল। দীর্ঘ আট বছর ধরে বিদেশে থাকার কারণে সমন পাঠানো সম্ভব না হলেও, বর্তমানে তাঁর গুরুগ্রামের ঠিকানায় দস্তি সমন পাঠানোর অনুমতি দিয়েছে আদালত। আদালতের এই কড়া পদক্ষেপে আগামী ১৭ অক্টোবরের শুনানিতে ধ্রুব রাঠির আইনি লড়াই কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়।