পুজোর আগেই রেলকর্মীদের অ্যাকাউন্টে মোটা টাকার বোনাস, কাদের ভাগ্যে ১৭,৯৫১ টাকা?

বার্তা ডেস্কঃ

উৎসবের মরসুমে ভারতীয় রেলের অগেজেটেড কর্মীদের জন্য বিরাট সুখবর নিয়ে এলো কেন্দ্রীয় মন্ত্রিসভা। চলতি বছরে ১১.৪ লক্ষেরও বেশি রেলকর্মীকে ৭৮ দিনের বেতনের সমান ‘প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস’ (PLB) দেওয়ার প্রস্তাবে সিলমোহর দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে ট্র্যাক মেইনটেইনার, লোকো পাইলট, ট্রেন ম্যানেজার, স্টেশন মাস্টার, টেকনিশিয়ান ও পয়েন্টসম্যানসহ বিভিন্ন ‘গ্রুপ সি’ কর্মীরা সরাসরি উপকৃত হবেন। সরকারি নিয়ম ও হিসাব অনুযায়ী, যোগ্য কর্মীরা বোনাস বাবদ সর্বোচ্চ ১৭,৯৫১ টাকা পর্যন্ত হাতে পাবেন, যা তাঁদের উৎসবের মরসুমে পারিবারিক খরচ ও কেনাকাটায় বিশেষ সহায়তা করবে।

রেলের সামগ্রিক উৎপাদনশীলতা, পারফরম্যান্স এবং পরিষেবার মানোন্নয়নে কর্মচারীদের নিরলস অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর দুর্গাপুজো ও দশেরার আগেই এই অর্থ প্রদান করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৫-২৬ অর্থবর্ষে ১,৬৭০ মিলিয়ন টন পণ্য পরিবহন এবং প্রায় ৭৪১ কোটি যাত্রী পরিবহনের অনন্য সাফল্য অর্জন করেছে রেলওয়ে। কর্মীদের এই কঠোর পরিশ্রমকে মর্যাদা দিতেই বোনাস বাবদ কেন্দ্র মোট ২,০০৯.৬১ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে। উৎসবের ঠিক আগেই কর্মীদের অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *