নেহার সেই রহস্যময় টি-শার্টে জলদস্যুর টুপি! ভারত থেকে ফ্রান্স, কোন গোপন বার্তা দিচ্ছে জেন জি?
বার্তা ডেস্কঃ
ভারতের ছাত্র আন্দোলনে অন্যতম মুখ নেহা বোরার পরিহিত একটি বিশেষ লোগোযুক্ত টি-শার্ট বর্তমানে রাজনৈতিক মহলে তীব্র আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সর্বভারতীয় সভাপতি নেহাকে বিভিন্ন বিক্ষোভ সমাবেশে ‘ওয়ান পিস’ লেখা একটি লাল টি-শার্ট পরিধান করতে দেখা গেছে, যার পেছনে মানুষের মাথার খুলি এবং জলদস্যুর টুপির আদলে তৈরি একটি বিশেষ প্রতীক রয়েছে। এই লোগোটি মূলত বিখ্যাত জাজল কমিকস ‘মাঙ্গা’ থেকে উদ্ভূত এবং একে জলদস্যুদের ঐতিহ্যবাহী ‘জলি রজার’ পতাকার রূপ হিসেবে গণ্য করা হয়। ভারত ছাড়াও নেপাল, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ব্রিটেন এবং ফ্রান্সের সাম্প্রতিক ছাত্র বিক্ষোভেও এই প্রতীকের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এই বিশেষ পোশাকের অন্তর্নিহিত অর্থ এবং এর বৈশ্বিক ব্যবহার নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা বিতর্ক শুরু হয়েছে। সমালোচকদের মতে, দেশের বাইরে থেকে তরুণ প্রজন্মের এই আন্দোলনের পেছনে কোনো সুদূরপ্রসারী ষড়যন্ত্র থাকতে পারে। তবে আন্দোলন সংশ্লিষ্টদের দাবি, এই প্রতীকের মূল মর্মার্থ হলো আক্রমণাত্মক মনোভাব পোষণ করা এবং পথের যেকোনো বাধা দৃঢ় সংকল্পের সঙ্গে মোকাবিলা করে গুঁড়িয়ে দেওয়া। বিশ্বজুড়ে যুবসমাজের এই প্রতীকী প্রতিবাদ বর্তমানে আন্তর্জাতিক স্তরে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে।