বনির হাত ধরে রাজরানীর বেশে কৌশানী, বিচ্ছেদ গুঞ্জনে দিলেন বড় চমক!

বার্তা ডেস্কঃ

দীর্ঘদিনের প্রেমে চিড় ধরা এবং বিচ্ছেদের জল্পনা উড়িয়ে দিয়ে এবার বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়ের রসায়ন নজর কাড়ল সবার। টলিপাড়ার অন্দরে যখন নানাবিধ গুঞ্জন তুঙ্গে, ঠিক সেই আবহেই বনির বাড়ির দুর্গাপুজোয় একফ্রেমে ধরা দিলেন তারকা যুগল। গাঢ় সবুজ রঙের বেনারসি শাড়ি ও সনাতনী সোনার গয়নায় আদ্যোন্ত রাজরানীর রূপ নিয়েছিলেন কৌশানী। অন্যদিকে বনিও সেজেছিলেন তাঁর সঙ্গে রং মিলিয়ে সবুজ রঙের পাঞ্জাবিতে। পুজোর ভিড়েও একে অপরকে এক মুহূর্তের জন্যও কাছছাড়া করতে চাননি তাঁরা। খুনসুটি আর হাসিমুখের সেই বিশেষ মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে, যেখানে নায়িকার আঁচল ধরে হাঁটতেও দেখা গিয়েছে বনিকে।

বনির মায়ের প্রশংসায় ভরপুর ছিল এই পূজার আয়োজন। অভিনেত্রীর নিষ্ঠা ও পুজোর এলাহি বন্দোবস্তে মুগ্ধ হয়ে পিয়া সেনগুপ্ত জানান যে তিনি ফের ট্রোলড হতে পারেন জেনেও বলছেন কৌশানী ইন্ডাস্ট্রির অন্যতম সুন্দরী। একইসঙ্গে ছেলে এবং কৌশানীর সাফল্য কামনা করেছেন তিনি। পুজোয় উপোস থেকে শুরু করে নিখুঁতভাবে সমস্ত নিয়ম মেনে আরাধনা সম্পন্ন করেছেন কৌশানী। বছরভর মাকে নিজের ঘরে রাজরানীর মতো রাখার প্রার্থনা জানিয়ে এই তারকা জুটি বুঝিয়ে দিলেন তাঁদের সম্পর্কের ভিত কতটা শক্ত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *