পাক অধিকৃত কাশ্মীরে নির্বিচারে খুন, রাষ্ট্রসংঘে কড়া জবাব চাইল ভারত!
বার্তা ডেস্কঃ
পাকিস্তান অধিকৃত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভকারীদের হত্যার গুরুতর অভিযোগ তুলেছে নয়াদিল্লি। একই সঙ্গে এই বিষয়ে রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দফতরের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে ভারত। বুধবার রাষ্ট্রসংঘের সাধারণ সভার ৮১তম অধিবেশনে ভারতের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, প্রতিবেশী দেশের মাটিতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আন্তর্জাতিক মঞ্চের নীরবতা অত্যন্ত উদ্বেগজনক। মানবাধিকারের প্রশ্নে যদি বেছে বেছে সরব হওয়া হয়, তবে তা বহুপাক্ষিক ব্যবস্থার ওপর সাধারণ মানুষের আস্থা মারাত্মকভাবে কমিয়ে দেবে।
অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি জানান, পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর গুলিতে বহু মানুষের মৃত্যুর খবর সামনে এসেছে। পাশাপাশি, বহু রাজনৈতিক আন্দোলন ও সংগঠনের নেতাদের অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে এবং ইন্টারনেট পরিষেবায় কঠোর বিধিনিষেধ জারি রাখা হয়েছে। ওএইচসিএইচআরের পূর্বের সুপারিশ অনুযায়ী পাকিস্তান সরকার কী পদক্ষেপ গ্রহণ করেছে এবং সেই সংক্রান্ত রিপোর্ট কবে প্রকাশিত হবে, তা অবিলম্বে জানতে চেয়েছে ভারত। নয়াদিল্লির মতে, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার আগে ইসলামাবাদের উচিত নিজের দেশের মানবাধিকার পরিস্থিতি খতিয়ে দেখা।