মেয়ের খুনে অভিযুক্তের রাজ্যপাল পদে নিয়োগ! ভোররাতে আটক বাবা-মা, রণক্ষেত্র দিল্লি!

বার্তা ডেস্কঃ

মেয়ের বিচার চাইতে গিয়ে রাজধানীর রাজপথে চরম নাটক! অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় ভিআইপি যোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সিকিমের রাজ্যপাল হিসেবে দুষ্মন্ত কুমার গৌতমের নিয়োগ বাতিলের দাবিতে সরব হয়েছেন তাঁর বাবা-মা। এই দাবি নিয়ে ইন্ডিয়া গেটের সামনে ধরনায় বসা মাত্রই বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ অঙ্কিতার বাবা-মাকে আটক করে দিল্লি পুলিশ। তাঁদের সঙ্গে আটক করা হয় কংগ্রেস নেতা পবন খেড়াসহ একাধিক বিরোধী নেতা ও কর্মীকেও। যদিও প্রায় দু’ঘণ্টা পর তাঁদের ছেড়ে দেওয়া হয়, তবে বিচার না পেলে বাড়িতেই আমরণ অনশনের হুঁশিয়ারি দিয়েছেন অঙ্কিতার মা।

পরিস্থিতি আরও উত্তপ্ত করে অঙ্কিতার বাবা সরকারের কাছে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন। তাঁর সাফ হুঁশিয়ারি, নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্যপাল পদে অভিযুক্তের নিয়োগ বাতিল না হলে দেশজুড়ে তীব্র আন্দোলন গড়ে উঠবে এবং এর সমস্ত দায় নিতে হবে প্রশাসনকেই। উল্লেখ্য, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে উত্তরাখণ্ডের এক রিসর্টে খুন হন ১৯ বছরের রিসেপশনিস্ট অঙ্কিতা। এই মামলায় মূল অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ড হলেও প্রভাবশালী যোগের নিষ্পত্তি না হওয়ায় এবং নতুন রাজ্যপাল নিয়োগকে কেন্দ্র করে রাজনীতির পারদ এখন চরমে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *