ধর্ম বদলালেই মিলবে না সংরক্ষণের অধিকার, স্পষ্ট জানাল সুপ্রিম কোর্ট!
বার্তা ডেস্কঃ
ধর্ম পরিবর্তন এবং জাতিভিত্তিক সংরক্ষণ সংক্রান্ত বিষয়ে ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, হিন্দু সামাজিক ব্যবস্থায় অনগ্রসর শ্রেণি বা তফসিলি জাতির অন্তর্ভুক্ত কোনও ব্যক্তি অন্য ধর্মে ধর্মান্তরিত হলে, তিনি আগের ধর্মের ভিত্তিতে সংরক্ষণের সুবিধা আর দাবি করতে পারবেন না। হিন্দু বর্ণপ্রথা অনুযায়ী কোনও ব্যক্তির সামাজিক অনগ্রসরতা অন্য ধর্মে ধর্মান্তরিত হলেই তা স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তরিত হয় না।
বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি শ্রী চন্দ্রশেখরকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ এই রায় দিয়েছে। আদালত স্পষ্ট করে জানিয়েছে, সংবিধানের আদেশ অনুযায়ী যারা হিন্দু, বৌদ্ধ বা শিখ নন, তারা তফসিলি জাতির মর্যাদা পাবেন না। এর মাধ্যমে শীর্ষ আদালত মাদ্রাজ হাইকোর্টের সেই সিদ্ধান্তই বহাল রেখেছে, যা তামিলনাড়ু সরকারের ধর্মান্তরিত মুসলিমদের সংরক্ষণ দেওয়ার আদেশ বাতিল করেছিল।