আমেরিকায় হিন্দু মন্দিরে হামলার ছক, কড়া হুঁশিয়ারি ভারতের!
বার্তা ডেস্কঃ
মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একটি হিন্দু মন্দিরে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার এক ভয়াবহ ষড়যন্ত্র সামনে আসতেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। ইলিনয়ের অরোরা এলাকার ওই উপাসনালয়ে হামলার পরিকল্পনা করার অভিযোগে ১৯ বছরের এক যুবককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার নেপথ্যে থাকা হিন্দু-বিরোধী এবং বর্ণবিদ্বেষী মানসিকতা অত্যন্ত উদ্বেগের বিষয়। আমেরিকার মাটিতে ভারতীয় বংশোদ্ভূতদের নিরাপত্তা ও ক্রমবর্ধমান ঘৃণা নিয়ে গভীর অসন্তোষ প্রকাশ করেছে ভারত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত অভিযুক্ত আলেকজান্দ্রোস পাপোরাকিস গত ১১ অক্টোবর ওই মন্দিরে বড় ধরনের হামলার পরিকল্পনা করলেও শেষ পর্যন্ত অস্ত্রের ত্রুটির কারণে তা ভেস্তে যায়। তল্লাশির সময় তাঁর কাছ থেকে একাধিক রাইফেল, ম্যাগাজিন, সুরক্ষাকবচ এবং প্রচুর ভারত-বিরোধী স্লোগান লেখা নথি উদ্ধার করা হয়েছে। মার্কিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা মিললেও, এই ঘটনা বিদেশে ভারতীয়দের সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। এমন ঘটনার ক্ষেত্রে মার্কিন প্রশাসনকে কঠোর ও আপসহীন নীতি অবলম্বনের আহ্বান জানিয়েছে ভারত।