মেদিনীপুরের বধূ রহস্যে নয়া মোড়, সিটের জালে অভিশপ্ত গাড়ি!
বার্তা ডেস্কঃ
পশ্চিম মেদিনীপুর শহরের ডাকবাংলো রোড এলাকার বাসিন্দা স্নেহা চক্রবর্তীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্তে নেমেছে বিশেষ তদন্তকারী দল বা সিট। গত বৃহস্পতিবার কোতয়ালি থানার পুলিশ একটি বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি বাজেয়াপ্ত করেছে। মৃতার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্নেহার উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতেন স্বামী রণদীপ চক্রবর্তী। গাড়ি কেনা সংক্রান্ত অশান্তির জেরে গত ১০ অক্টোবর রাতে শ্বশুরবাড়ি থেকেই স্নেহার নিথর দেহ উদ্ধার হয়। এই ঘটনার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, এই পুরো ঘটনায় রণদীপের এক বন্ধু শেখ আবুল বাশারের ভূমিকা রয়েছে। বাশারের খোঁজে বর্তমানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। স্নেহার মায়ের দাবি, বাশার মাঝেমধ্যেই স্নেহাকে অপমান করতেন এবং স্বামী রণদীপ তাতে কোনো প্রতিবাদ করতেন না। এমনকি গাড়ি কেনার জন্য বাপের বাড়ি থেকে টাকা আনার ক্ষেত্রেও রণদীপকে ওই বন্ধু উসকানি দিত বলে অভিযোগ। অন্যদিকে রণদীপের এক আত্মীয়ের দাবি, এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন ও গুজব। তবে পরিবারের অভিযোগের ভিত্তিতে পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।