একুশের বদলে ১১! ককরোচ পার্টির কর্মসূচিতে বাধা, তুঙ্গে বিতর্ক
বার্তা ডেস্কঃ
উৎসবের মরশুমে রাজধানীর বুক অবরুদ্ধ হওয়ার আশঙ্কায় সিজেপি-র ‘তেরঙা ওড়াও’ কর্মসূচিতে বড়সড় লাগাম টানল দিল্লি পুলিশ। কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জনসমাগম এড়াতে সাধারণ মানুষকে জমায়েত না করার আর্জি জানানো হয়েছে। পুলিশের স্পষ্ট নির্দেশ, একটি নির্দিষ্ট জায়গায় সর্বোচ্চ ১১ জন প্রতিনিধিকে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত গাওয়ার অনুমতি দেওয়া যেতে পারে। উল্লেখ্য, এই প্রতিবাদ বাতিল চেয়ে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হলেও আদালত সাফ জানিয়ে দেয়, প্রতিবাদের অধিকার সবার রয়েছে। ফলে কর্মসূচি পুরোপুরি রদ না হলেও ভিড় সামলাতে পুলিশকে কঠোর ব্যবস্থা নিতে বলা হয়।
এদিকে পরিস্থিতির সংবেদনশীলতা বিচারে কনট প্লেস ও সংলগ্ন এলাকায় ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা’-র ১৬৩ ধারা জারি করা হয়েছে। নির্দেশ অমান্য করলে নেওয়া হবে কঠোর আইনি পদক্ষেপ। যন্তর মন্তরে ব্যারিকেড ভেঙে ঢুকে গ্রেফতার হওয়া ককরোচ পার্টির দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে ইতিমধ্যে ৫ দিনের জেল হেফাজত দেওয়া হয়েছে। এই ঘটনায় কেন্দ্রকে তীব্র নিশানা করে বিরোধীরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন। জাতীয় পতাকা ওড়ানোর মতো কর্মসূচি ঘিরে পুলিশ ও আদালতের এই টানা পোড়েনে আপাতত গরম দিল্লির রাজনীতি।