গণধর্ষণেও এবার নারী অপরাধী! বড় সিদ্ধান্ত দিল্লি হাই কোর্টের
বার্তা ডেস্কঃ
শারীরিক ভাবে ধর্ষণে সরাসরি যুক্ত না থাকলেও কোনো মহিলা গণধর্ষণের অভিযোগে অভিযুক্ত হতে পারেন বলে ঐতিহাসিক রায় দিয়েছে দিল্লি হাই কোর্ট। আদালত স্পষ্ট জানিয়েছে, গণধর্ষণ সংক্রান্ত আইনি বিধানে ব্যবহৃত ‘ব্যক্তি’ শব্দটি কেবল পুরুষদের মধ্যেই সীমাবদ্ধ নয়। এক মহিলার বিরুদ্ধে গঠিত চার্জকে চ্যালেঞ্জ করে করা মামলার শুনানিতে বিচারপতি অনুপ জয়রাম ভামভানি এই তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরেন। ভারতীয় ন্যায় সংহিতা ও পকসো আইনের একাধিক ধারায় অভিযুক্ত ওই মহিলা সরাসরি নির্যাতন না করলেও অপরাধে মদত দিয়েছিলেন বলে অভিযোগ উঠে এসেছে।
মহিলার আইনজীবীর দাবি ছিল, ভারতীয় আইন অনুযায়ী ধর্ষণের অপরাধে কেবল পুরুষদেরই অভিযুক্ত করা সম্ভব। কিন্তু সেই যুক্তি খারিজ করে উচ্চ আদালত জানায়, আইনি ধারা অনুযায়ী অপরাধটি ঘটে থাকলে মহিলা হলেও রেহাই মিলবে না। পূর্বে এ ধরনের ঘটনায় নারীদের ক্ষেত্রে কেবল ষড়যন্ত্রের অভিযোগ আনা যেত। তবে এই নতুন রায়ের ফলে এখন থেকে গণধর্ষণের মতো জঘন্য অপরাধের ঘটনায় প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে শামিল থাকলে মহিলাকেও সমান অপরাধী হিসেবে অভিযুক্ত করা যাবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।