বামেদের বুকস্টল নিয়ে বড় রায় হাইকোর্টের, কোন শর্তে মিলল অনুমতি?
বার্তা ডেস্কঃ
কলকাতা হাইকোর্টের রায়ে বনগাঁয় যশোর রোডের ধারে নির্দিষ্ট স্থানে শর্তসাপেক্ষ বুকস্টল করার অনুমতি পেল বামেরা। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, পার্টি অফিসের একশো মিটারের মধ্যে বুকস্টল করতে পারবে সিপিআইএম। তবে স্টল তৈরির সময় এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা বজায় রাখতে এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, আগামী ২৩ নভেম্বর এই বিষয়ে জেলা পুলিশ সুপারকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
শুনানি চলাকালীন বিচারপতি মন্তব্য করেন যে, অন্য অনেকে নিয়মবহির্ভূতভাবে স্টল বসালেও মামলাকারীদের বাধা দেওয়া গণতান্ত্রিক ভাবনার পরিপন্থী নয়। আইন সবার জন্য সমান হওয়া উচিত। অন্যদিকে, হাইওয়ের ওপর এই ধরনের নির্মাণের বিরোধিতায় রাজ্যের আইনজীবী সওয়াল করলেও আদালত তা খারিজ করে দেয়। বিগত তেষট্টি বছর ধরে যেখানে এই স্টলগুলি বসে আসছে, সেখানে সিপিআইএম-কে বাধা দেওয়ার কোনো যৌক্তিকতা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে হাইকোর্ট।