রামায়ণের নতুন চমক দেখেই কাঁপছে নেটপাড়া!
বার্তা ডেস্কঃ
বহু প্রতীক্ষিত চার হাজার কোটির মহাকাব্যিক সিনেমা ‘রামায়ণ: পার্ট ওয়ান’-এর দ্বিতীয় ট্রেলার প্রকাশ্যে আসতেই সিনেপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে উঠেছে। আগামী ৫ নভেম্বর দিওয়ালিতে বিশ্বজুড়ে মুক্তি পেতে চলা এই সিনেমার নতুন ইংরেজি ট্রেলারটি সম্প্রতি বেঙ্গালুরুতে এক জমকালো অনুষ্ঠানে উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রণবীর কাপুর, যশ, সাই পল্লবী, পরিচালক নীতেশ তিওয়ারি এবং প্রযোজক নমিত মালহোত্রা। রিপোর্ট অনুযায়ী, সিনেমা মুক্তির দিনে রাষ্ট্রপতি ভবনেও ছবির একটি বিশেষ স্ক্রিনিংয়ের সম্ভাবনা রয়েছে।
দুই মিনিট তেইশ সেকেণ্ডের এই নতুন ট্রেলারে রাম ও রাবণের সংঘাতের মূল আবহকে অত্যন্ত নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। প্রথম ট্রেলারের তুলনায় এর উন্নত ভিজ্যুয়াল এফেক্টস, পোশাক ও অ্যাকশন দৃশ্যের নান্দনিক উপস্থাপন দর্শককে মন্ত্রমুগ্ধ করেছে। ছবিতে রাবণের ভূমিকায় যশের রুদ্র রূপ এবং রামের চরিত্রে রণবীর কাপুরের শান্ত অথচ শক্তিশালী উপস্থিতি নজর কেড়েছে। এছাড়া পুষ্পক রথে জটায়ুর সাহসিকতার দৃশ্য এবং রাম-সীতার আবেগঘন মুহূর্তগুলো মহাকাব্যের মহিমাকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে।