ফ্লাইওভারে রং করতেই বিপত্তি, একের পর এক বাইক দুর্ঘটনার পর নড়েচড়ে বসল প্রশাসন!

বার্তা ডেস্কঃ

দুর্গাপুজোর আগে শহরের সৌন্দর্য বাড়াতে গড়িয়াহাট ও চিংড়িঘাটা ফ্লাইওভারে লাল, কমলা ও হলুদ রঙের প্রলেপ দেওয়া হয়েছিল। কিন্তু উৎসবের মরশুমে বৃষ্টির মধ্যে এই রং করা রাস্তা চরম পিচ্ছিল হয়ে ওঠে। এর ফলে দুটি উড়ালপুলের ওপর একের পর এক বাইক দুর্ঘটনার গুরুতর অভিযোগ সামনে আসতে থাকে। চিংড়িঘাটা ফ্লাইওভারে ঘটে যাওয়া দুর্ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়ায় এবং শুরু হয় তীব্র সমালোচনা। এই ঘটনাকে কেন্দ্র করে রাস্তায় ব্যবহৃত রঙের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছে বিরোধী শিবিরও।

পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবার গভীর রাতে গড়িয়াহাট ফ্লাইওভারের রং তোলার কাজ শুরু করে প্রশাসন। রাত একটা থেকে ভোর চারটে পর্যন্ত কলকাতা পুরসভার দুটি মেকানিক্যাল সুইপার, যান্ত্রিক ঝাড়ু এবং বিশেষ রাসায়নিক মেশানো জল ব্যবহার করে উড়ালপুলের মসৃণতা কমানোর চেষ্টা করা হয়। বিশেষ করে বাইক চলাচলের প্রধান অংশগুলিতে রাস্তার রুক্ষতা বাড়ানোর এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অন্যদিকে, ঘটনার তদন্তের নির্দেশ দিয়ে প্রশাসনের তরফে জানানো হয়েছে যে উড়ালপুলে অ্যান্টি-স্কিড রং ব্যবহার করা হয়েছিল, তবে তা সত্ত্বেও কেন চাকা পিছলে দুর্ঘটনা ঘটছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *