১৪ দিন মৃত্যুর সাথে লড়াইয়ের পর অলৌকিকভাবে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন নুসরত বারুচা!
বার্তা ডেস্কঃ
বালিতে শুটিং করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়া জনপ্রিয় অভিনেত্রী নুসরত বারুচা চোদ্দো দিনের দীর্ঘ চিকিৎসা ও অস্ত্রোপচার শেষে অবশেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। অভিনেত্রীর টিমের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, তাঁর মেরুদণ্ডে সফলভাবে জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। দুর্ঘটনাটি তাঁর কেরিয়ার ও জীবনের এক অত্যন্ত চ্যালেঞ্জিং অধ্যায় হলেও, চিকিৎসকদের প্রচেষ্টায় তিনি এখন বিপদমুক্ত। তবে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে এবং স্বাভাবিক জীবনে ফিরতে তাঁর আরও বেশ কিছুটা সময় প্রয়োজন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
আপাতত নিজ বাসভবনে পরিবারের সদস্য ও প্রিয়জনদের নিবিড় পরিচর্যায় বিশ্রাম নিচ্ছেন নুসরত। কঠিন এই পরিস্থিতিতেও অভিনেত্রীর মনের জোর ও ইতিবাচক মনোভাব অপরিবর্তিত রয়েছে বলে তাঁর টিম জানিয়েছে। অনুরাগীদের অন্তহীন ভালোবাসা ও প্রার্থনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানানো হয়েছে যে, পুরোপুরি সুস্থ হয়ে পুরোনো ছন্দে কাজে ফেরাটাই এখন তাঁর একমাত্র লক্ষ্য। উল্লেখ্য, এর আগে বালি থেকে মুম্বইয়ে ফিরিয়ে আনার পর থেকেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে ভক্তদের মধ্যে গভীর উৎকণ্ঠা বিরাজ করছিল।