শিলিগুড়ির পোস্টার বিতর্ক নিয়ে তোলপাড়, মুখ খুললেন শুভেন্দু অধিকারী!

বার্তা ডেস্কঃ

সম্প্রতি শিলিগুড়ি শহরজুড়ে ‘হিন্দু জাগরণ মঞ্চ’-এর তরফ থেকে কিছু বিতর্কিত পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ওই পোস্টারগুলিতে ‘হিন্দু দোকান থেকে বিরিয়ানি খান’ কিংবা ‘পুজোর সামগ্রী হিন্দু দোকান থেকে কিনুন’—এমন নানা আবেদন জানানো হয়। তবে সংগঠনের প্রতিনিধি অভিষেক দাসের দাবি, এটি কোনো নির্দেশিকা বা ফতোয়া নয়, বরং সমাজের সচেতনতার জন্য একটি সাধারণ আবেদন মাত্র। এই ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সংবিধানে স্বাধীন মতপ্রকাশের অধিকার সকলেরই রয়েছে। তাই তারা নিজেদের মতামত প্রকাশ করেছে এবং স্বাধীনভাবে নিজেদের বক্তব্য রাখার মধ্যে কোনো অসঙ্গতি বা সমস্যা নেই।

অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতির পাশাপাশি সুশীল সমাজেও প্রবল প্রতিক্রিয়া দেখা গিয়েছে। সিপিএম নেতা ইন্দ্রজিৎ চন্দ তীব্র প্রতিবাদ জানিয়ে মন্তব্য করেন, ভারতের সংবিধানে সকল ধর্মের মানুষের সমান অধিকার স্বীকৃত, তাই জীবিকা ও কর্মক্ষেত্রে ধর্মকে বিচার্য করা উচিত নয়। তিনি বাংলার রবীন্দ্র-নজরুল সংস্কৃতির সম্প্রীতির ঐতিহ্য স্মরণ করিয়ে দিয়ে সাধারণ মানুষকে দৃষ্টিভঙ্গি প্রসারিত করার আহ্বান জানান। পাশাপাশি, বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ও ঘটনাটির সমালোচনা করে বলেন, এই ধরনের ধর্মাশ্রয়ী ভেদাভেদ কখনোই সমর্থনযোগ্য বা গণতান্ত্রিক হতে পারে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *