তেরঙা মার্চের আগেই ঘেরাও পুলিশ, মোদীকে তোপ দেগে আটক হওয়ার আশঙ্কায় CJP প্রধান!
বার্তা ডেস্কঃ
জাতীয় পতাকা নিয়ে প্রস্তাবিত তেরঙা মার্চের আগেই ককরোচ জনতা পার্টির (CJP) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বাড়িতে পৌঁছাল দিল্লি পুলিশ। নম্বরপ্লেটহীন গাড়ি দিয়ে অনুসরণ ও আইবি (IB) নজরদারির অভিযোগ তুলে শুক্রবার সকালেই নিজের গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির সেন্ট্রাল পার্কে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। তবে এনডিএমসি (NDMC) ১৬ ও ১৭ অক্টোবর পার্কটি বন্ধ ঘোষণা করায় তীব্র ক্ষোভ উগরে দেন এই রাজনৈতিক নেতা।
সরকারের এই পদক্ষেপের কঠোর সমালোচনা করে অভিজিৎ প্রশ্ন তোলেন, কোনো রাজনৈতিক সমাবেশ বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় তেরঙা ওড়ালেও কি তা বাতিল করা হবে? তেরঙা ওড়ানোর জন্য জেলে যেতে প্রস্তুত জানিয়ে তিনি বলেন, দেশে বর্তমানে এক অলিখিত জরুরি অবস্থা চলছে। একইসঙ্গে নিরপেক্ষ নির্বাচন কমিশনের দাবিতে সুর চড়িয়ে তিনি জানান, তাদের এই লড়াই সরকার পরিবর্তনের জন্য নয়, বরং প্রশাসনিক স্বচ্ছতা ফেরানোর জন্য। ইতিপূর্বে একই কারণে দলের নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে তিহার জেলে পাঠানো হয়েছে বলেও তিনি ক্ষোভ প্রকাশ করেন।