আইডিবিআই ব্যাঙ্কে ৫৩ হাজার কোটি টাকার রেকর্ড বিদেশি বিনিয়োগ, চমকে দিল কেন্দ্র!
বার্তা ডেস্কঃ
আইডিবিআই ব্যাঙ্কের নিয়ন্ত্রণ এবার কানাডার বিখ্যাত সংস্থা ফেয়ারফ্যাক্স ফিনানশিয়াল হোল্ডিংসের হাতে যেতে চলেছে। প্রায় ৫৩ হাজার কোটি টাকার বিনিময়ে ব্যাঙ্কের ৬১ শতাংশ শেয়ার কিনে নিচ্ছে এই বিশ্বখ্যাত সংস্থাটি, যা ভারতীয় ব্যাঙ্কিং খাতে এযাবৎকালের বৃহত্তম বিদেশি বিনিয়োগ হিসেবে চিহ্নিত হতে চলেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা ইতিম্যধ্যেই এই মেগা চুক্তি ও শেয়ার হস্তান্তরে চূড়ান্ত অনুমোদন দিয়েছে। চলতি অর্থবর্ষের মধ্যেই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হবে বলে সরকারি স্তরে জানানো হয়েছে। এই যুগান্তকারী চুক্তির পর সরকার ও এলআইসি-র যৌথ অংশীদারি কমে দাঁড়িয়ে আনুমানিক ৩৪ শতাংশে পৌঁছাবে।
২০১৯ সালে এলআইসি এই ব্যাঙ্কের মালিকানা নেওয়ার পর যে আর্থিক সংশয় সৃষ্টি হয়েছিল, এই চুক্তির মাধ্যমে তার অবসান ঘটল। কেন্দ্র ও এলআইসি উভয় পক্ষই এই বিনিয়োগ থেকে বিপুল লাভবান হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন স্পষ্ট আশ্বাস দিয়ে জানিয়েছেন, গ্রাহক ও সাধারণ মানুষের চিন্তার কোনো কারণ নেই। আগামী তিন বছর এই ব্যাঙ্কের নাম অপরিবর্তিত থাকবে এবং সরকারের কাছে ৩৪ শতাংশ অংশীদারি থাকায় নিয়ন্ত্রণ সম্পূর্ণ হাতছাড়া হচ্ছে না। সামগ্রিকভাবে শক্তিশালী ভারতীয় অর্থনীতির প্রেক্ষাপটে এই বিনিয়োগ দেশের আর্থিক বাজারকে আরও সুদৃঢ় করবে।