দুর্গাপুজোয় বড় ঘোষণা! জিটি রোড বন্ধ থাকবে টানা সাত দিন
বার্তা ডেস্কঃ
দুর্গাপুজোর দিনগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় সামাল দিতে এবং শহরের যানজট নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ট্রাফিক বিধিনিষেধ জারি করেছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। মহাসপ্তমী থেকে মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার ঢল নামায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, ১৬ অক্টোবর মহাষষ্ঠী থেকে ২২ অক্টোবর একাদশী পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টে থেকে রাত ১টা পর্যন্ত শহরের ব্যস্ততম জিটি রোডে টোটো, মোটর ভ্যান ও পণ্যবাহী গাড়ি চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।
উৎসবের মরশুমে পথচলতি মানুষের যাতায়াত সুগম করতে কেবল ছোট যান বা পণ্যবাহী গাড়িই নয়, বাস চলাচলের ওপরও কঠোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আগামী ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টে থেকে পরের দিন ভোর ৩টে পর্যন্ত জিটি রোডে টাউন সার্ভিস এবং দূরপাল্লার বাস চলাচল নিষিদ্ধ থাকবে। পুজো পরিক্রমায় বেরোনোর আগে যাত্রীদের বিকল্প পথের খোঁজ নেওয়ার পরামর্শ দিয়েছে ট্রাফিক পুলিশ, যাতে উৎসবে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।