অসাবধানতার চরম মূল্য! ১৫ কিমি দূরের বিস্ফোরণে মুহূর্তে ধুলিসাৎ কারখানা, ঝরে গেল বহু প্রাণ
বার্তা ডেস্কঃ
গুজরাটের ভারুচ জেলার একটি রাসায়নিক কারখানায় শুক্রবার গভীররাতে ঘটে গেল এক ভয়াবহ বিস্ফোরণ। কারখানাটিতে ১৫ কিলোলিটারের একটি রিয়্যাক্টরে হাইড্রোজিনেশন প্রক্রিয়া চলাকালীন বিকট শব্দে ফেটে পড়ে সেটি। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে প্রায় ১৫ কিলোমিটার দূর থেকেও সেই ভয়ঙ্কর আওয়াজ স্পষ্ট শোনা যায়। এই প্রাণঘাতী দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে অন্তত ৫ জনের এবং গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন কর্মী। ঘটনার ঘাতে কারখানার একাংশ মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে যায় এবং চারদিকে ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ।
বিস্ফোরণের পরপরই বিষাক্ত মিথাইল ডাইক্লোরাইড গ্যাস লিক করতে শুরু করলে পুরো এলাকা ঘণ ধোঁয়ায় ঢেকে যায়। গ্যাসে চোখ জ্বালা ও শ্বাসকষ্টের কারণে আরও অনেক কর্মী তীব্র অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য শুরু করেন। নিহতদের উদ্ধার করার পাশাপাশি আহত কর্মীদের চিকিৎসার জন্য ভারুচ ও ভদোদরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও প্রশাসন।