আমেরিকার স্কুলে কিশোরের রক্তক্ষয়ী তাণ্ডব, স্তম্ভিত বিশ্ব!
বার্তা ডেস্কঃ
আবারও বন্দুকবাজের হানায় কেঁপে উঠল আমেরিকার স্কুল অঙ্গন। ওরেগন প্রদেশের বেন্ড শহরের সিলভার রেল এলিমেন্টারি স্কুলে আচমকাই তাণ্ডব চালায় ১৬ বছর বয়সি এক বন্দুকধারী কিশোর। বৃহস্পতিবার দুপুরে স্কুলের তালাবদ্ধ দরজা গুলিতে ভেঙে ভেতরে ঢুকেই সে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। রক্তের হোলিতে ধসে পড়ে চত্বর। এই মর্মান্তিক ও নৃশংস হামলায় ঘটনাস্থলেই এক শিক্ষক এবং পাঁচ, আট ও ১১ বছর বয়সি তিন শিশুর প্রাণহানি ঘটে। এছাড়া সাত বছরের এক পড়ুয়া ও ৫৪ বছরের এক শিক্ষক গুরুতর আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার আকস্মিকতায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হলেও এক স্থানীয় বাসিন্দার সাহসিকতায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। বন্দুকবাজকে পিছু ধাওয়া করে স্কুলের ভেতর ঢুকে তাকে গুলি করে পরাস্ত করেন ওই সাধারণ নাগরিক, যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় হামলাকারী কিশোরের। বেন্ড শহরের পুলিশ প্রধান মাইক ক্রান্টজ এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তবে তদন্তের স্বার্থে নিহত হামলাকারী এবং ওই সাহসী বাসিন্দার পরিচয় গোপন রেখেছে পুলিশ। হামলাকারীর সঙ্গে ওই স্কুলের সরাসরি কোনো যোগ ছিল কি না, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।