পুজোর মুখে সুপ্রিম কোর্টে সুজিত বসু, জট কি কাটবে?

বার্তা ডেস্কঃ

পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে জামিনের আর্জি খারিজ হওয়ার পর এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবং দ্রুত শুনানির দাবি তুলে শীর্ষ আদালতের কড়া নাড়েন তিনি। তবে পুজোয় আপাতত জেলবন্দিই থাকতে হচ্ছে তাঁকে, কারণ দুর্গাপুজোর ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুললেই এই মামলার শুনানি সম্ভব হবে। গত ১১ মে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (ইডি) তাঁকে গ্রেফতার করেছিল। তাঁর বিরুদ্ধে দক্ষিণ দমদম পুরসভায় বেআইনিভাবে নাম সুপারিশের অভিযোগ রয়েছে।

ইডির দাবি, পুরনিয়োগ দুর্নীতির মাধ্যমে উপার্জিত টাকা সুজিতের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়েছে এবং বেআইনিভাবে চাকরিপ্রাপ্তদের তালিকায় কমবেশি ১৫০ জনের নাম ছিল। এর আগে হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন যে, তদন্তের এই বর্তমান পরিস্থিতিতে প্রাক্তন মন্ত্রীকে জামিন দেওয়া সম্ভব নয়। যদিও সুজিতের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি আদালতে সওয়াল করে দাবি করেছিলেন যে, তদন্ত শেষ হওয়া সত্ত্বেও তাঁর মক্কেলকে ‘অনৈতিক ভাবে’ জেলে আটকে রাখা হয়েছে। তবে আদালতের নির্দেশে পুজোর আনন্দে এবার খাঁচাবন্দিই থাকতে হচ্ছে প্রাক্তন মন্ত্রীকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *