দাউদকে ‘ভারতভিত্তিক’ আখ্যা দিয়ে বড় বিপাকে রাষ্ট্রসংঘ, কড়া জবাব দিল ভারত!
বার্তা ডেস্কঃ
আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম ও তাঁর সংগঠন ‘ডি-কো ম্পা নি’কে একটি রিপোর্টে ‘ভারতভিত্তিক’ হিসেবে উল্লেখ করায় রাষ্ট্রসংঘের মঞ্চে তীব্র প্রতিবাদ জানাল ভারত। সন্ত্রাসবাদ দমন সংক্রান্ত বিশেষজ্ঞ বেন সাউলের তৈরি এই রিপোর্টের নিরপেক্ষতা ও সত্যতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছে নতুন দিল্লি। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশনের প্রথম সচিব রঘু পুরী স্পষ্টভাবে জানান, দাউদ ১৯৯৩ সালের মুম্বই হামলার পর থেকেই ভারতে ফেরার অপরাধী এবং বহু বছর ধরে পাকিস্তানে আশ্রয় নিয়ে রয়েছেন। জাতিসংঘের নিজস্ব নিষেধাজ্ঞা তালিকাতেও তাঁর ঠিকানা পাকিস্তান বলেই উল্লেখ রয়েছে। তাই এমন বিভ্রান্তিকর তথ্য আন্তর্জাতিক সংস্থার বিশ্বাসযোগ্যতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
ভারতের মতে, এই রিপোর্টে দাউদের অতীত ও বর্তমান অবস্থানের সঠিক চিত্র তুলে না ধরে কূটনৈতিক ভুল বার্তা দেওয়া হচ্ছে। এর পাশাপাশি রাষ্ট্রসংঘে পাকিস্তানের রাজনৈতিক প্ররোচনামূলক বক্তব্যের কড়া জবাব দিয়ে নতুন দিল্লি আবারও মনে করিয়ে দিয়েছে যে, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ। সন্ত্রাসবাদ ও চরমপন্থাকে আড়াল করতে মানবাধিকারের অজুহাত কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও সাফ জানিয়ে দিয়েছে ভারত। বহু বছর ধরে দেশের বাইরে সক্রিয় থাকা আন্তর্জাতিক অপরাধীকে ভারতের সঙ্গে যুক্ত করার এই চেষ্টার পর, সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বেন সাউল নিজের রিপোর্ট সংশোধন করেন কি না, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।