ভারতের ৩,০০০ কোটি সাহায্যের পরই পাকিস্তানের সাথে মালদ্বীপের মউ, কেন এই নাটকীয় মোড়?
বার্তা ডেস্কঃ
পাকিস্তান সফরে গিয়ে প্রতিরক্ষা, সামুদ্রিক সুরক্ষা ও সাইবার নিরাপত্তা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ইসলামাবাদের সঙ্গে ২০টি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে মালদ্বীপ। তিনদিনের সরকারি সফরে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু। পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকের পর আগামী দুই বছরের মধ্যে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ১৪.৯ মিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ২০০ মিলিয়ন ডলারে উন্নীত করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। দীর্ঘ ১১ বছর পর মালদ্বীপের কোনো রাষ্ট্রপ্রধানের এটিই প্রথম পাকিস্তান সফর।
উল্লেখ্য, কয়েকদিন আগেই নয়াদিল্লির পক্ষ থেকে মালদ্বীপের অনুরোধে সাড়া দিয়ে ৩ হাজার কোটি টাকার মুদ্রা বিনিময় সুবিধার প্রথম রোলওভার অনুমোদন করা হয়। ভারত থেকে এই অর্থনৈতিক সহায়তা পাওয়ার ঠিক পরেই পাকিস্তানের সঙ্গে মালদ্বীপের এই ব্যাপক চুক্তি স্বাক্ষরিত হওয়ায় কৌশলগত মহলে নানাবিধ চর্চা শুরু হয়েছে। ভারত মহাসাগরে কৌশলগত অবস্থানের কারণে মালদ্বীপ অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায়, পাকিস্তানের সঙ্গে তাদের এই নতুন কূটনৈতিক ঘনিষ্ঠতা দিল্লির নিরাপত্তা ও আঞ্চলিক ভূ-রাজনীতির ক্ষেত্রে নতুন করে নজর কাড়ছে।