গঙ্গায় প্রতিমার কাঠামো তুলতে গিয়ে মর্মান্তিক পরিণতি, শোকের ছায়া হুগলিতে!

বার্তা ডেস্কঃ

দুর্গাপুজোর বিসর্জন মিটতেই হুগলির ভদ্রেশ্বরে ঘটল এক হৃদয়বিদারক ঘটনা। প্রতিমার কাঠামো নদী থেকে তুলতে গিয়ে গঙ্গায় মর্মান্তিক মৃত্যু হলো গৌরী সাহানি (৬১) নামে স্থানীয় এক বিজেপি নেতার। তিনি ভদ্রেশ্বরের ১৬ নম্বর ওয়ার্ডের গঙ্গাপাড়ের বাসিন্দা এবং বিজেপির শক্তিকেন্দ্র প্রমুখ ছিলেন। পারিবারিক অসচ্ছলতার কারণে বিসর্জনের পর গঙ্গা থেকে দেবীপ্রতিমার বাঁশের কাঠামো তুলে এনে বিক্রি করাই ছিল তাঁর বহুদিনের অভ্যাস। বুধবার রাতে শ্রীমানি ঘাটের কাছে গঙ্গার জলে নেমে কাঠামো উদ্ধারের চেষ্টা করতেই ঘটে বিপত্তি।

ভাটার সময় গঙ্গার গভীর পলিতে আটকা পড়ে যান অসুস্থ ওই প্রৌঢ়। নদী থেকে ওঠার জন্য আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হলে অসুস্থ হয়ে পড়েন তিনি। স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখতে পেয়ে তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে চন্দননগর হাসপাতালে নিয়ে যান, তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দীর্ঘদিন দলের সঙ্গে যুক্ত থাকা প্রবীণ নেতার এই আকস্মিক ও মর্মান্তিক প্রয়াণে হুগলির বিজেপির রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *