হেলমেটহীন মন্ত্রী, রাস্তায় কি আইন শুধু সাধারণের জন্য!
বার্তা ডেস্কঃ
পথ সুরক্ষার কথা মাথায় রেখে হেলমেটহীন বাইক আরোহীদের জন্য কড়া শাস্তির নিদান দিয়েছিলেন রাজ্যের শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। পুজোর দিনগুলিতে বর্ধমানের রাস্তায় নেমে তিনি নির্দেশ দিয়েছিলেন, হেলমেট না থাকলে শুধু জরিমানা নয়, বাইক ৭ দিন আটকে রাখতে হবে। কিন্তু সেই উৎসবের মরশুমেই মন্ত্রীর একটি ছবি ও ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয় তীব্র বিতর্ক। ভাইরাল হওয়া ওই দৃশ্যে দেখা যায়, মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র নিজে এবং তাঁর স্কুটিচালক—দু’জনের কারোর মাথাতেই হেলমেট ছিল না।
নিজের মুখে পথ নিরাপত্তার কথা বলে নিজেই তা লঙ্ঘন করায় সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোরালো সমালোচনা। নেটিজেনদের পাশাপাশি বিরোধী শিবির থেকেও প্রশ্ন তোলা হয়েছে মন্ত্রীর দ্বিমুখী আচরণ নিয়ে। পূর্ব জেলা কংগ্রেস সভাপতি গৌরব সমাদ্দার মন্ত্রীর এই উদ্যোগকে কটাক্ষ করে বলেছেন, অন্যের ক্ষেত্রে গাড়ি ৭ দিন আটকে রাখার কথা বললেও নিজের ক্ষেত্রে সুরক্ষা বিধি না মানা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সব মিলিয়ে, পুজোর মুখে মন্ত্রীর এই বিতর্কিত কর্মকাণ্ড এখন রাজ্য রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।