সিম কার্ড ছাড়া কি বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রাম?

বার্তা ডেস্কঃ

অনলাইন জালিয়াতি ও ভুয়ো অ্যাকাউন্টের কারবার রুখতে কড়া পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হতে চলা নতুন সিম বাইন্ডিং নিয়মের ফলে আইওএস এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ওপর বড় প্রভাব পড়তে চলেছে। টেলিকম দফতরের নির্দেশিকা অনুযায়ী, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মতো জনপ্রিয় মেসেজিং অ্যাপগুলি ব্যবহার করতে হলে ফোনে সংশ্লিষ্ট নম্বরের রেজিস্টার্ড সিম কার্ড থাকা বাধ্যতামূলক করা হচ্ছে। এর ফলে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে ব্যবহারকারীদের কেওয়াইসি যাচাই করা সিম কার্ডের সঙ্গে অ্যাকাউন্টগুলির সংযোগ নিশ্চিত করতে হবে।

নতুন এই নিয়ম কার্যকর হলে যেসব ব্যবহারকারী ফোনে রেজিস্টার্ড সিম কার্ড না রেখে শুধুমাত্র ওয়াই-ফাই সংযোগের মাধ্যমে এই অ্যাপগুলি ব্যবহার করেন, তাঁরা বড় ধরনের জটিলতার মুখে পড়তে পারেন। বিশেষ করে অ্যাকাউন্ট খোলা ডিভাইস থেকে সিম সরিয়ে অন্য ডিভাইসে অ্যাপ ব্যবহার করলে পরিষেবা চালু রাখা কঠিন হয়ে দাঁড়াতে পারে। যদিও হোয়াটসঅ্যাপ ওয়েবের ক্ষেত্রে প্রতি ছ’ঘণ্টায় স্বয়ংক্রিয়ভাবে লগ-আউট হওয়ার আগের বাধ্যতামূলক নিয়মটি পরবর্তীকালে সংশোধন করা হয়েছে, তবুও সামগ্রিক যোগাযোগ ব্যবস্থার সুরক্ষায় এই নতুন কড়াকড়ি ব্যবহারকারীদের অভ্যাসে বড় পরিবর্তন আনতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *