শান্তি আলোচনার মাঝেই রক্তগঙ্গা, কিভে পুতিনের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা!
বার্তা ডেস্কঃ
মার্কিন মধ্যস্থতায় আমেরিকা ও ইউক্রেনের সাথে ত্রিপাক্ষিক শান্তি আলোচনায় যোগ দেওয়ার বার্তা দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেন্ট পিটার্সবার্গে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের সাথে দীর্ঘ আলোচনার পর ক্রেমলিনের পক্ষ থেকে যুদ্ধ বন্ধের ইতিবাচক ইঙ্গিত দেওয়া হয়েছিল। তবে এই বার্তা ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনের রাজধানী কিভে নতুন করে ধ্বংসলীলা শুরু করে রুশ ফৌজ। এই অতর্কিত হামলা মার্কিন মধ্যস্থতায় শুরু হওয়া শান্তিপ্রক্রিয়ার ভবিষ্যৎকে আবার বড়সড় কূটনৈতিক প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি জানান, রুশ বাহিনী তিন দফায় কিভের ওপর ২১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২১০টি আত্মঘাতী ড্রোন ছুড়েছে। এই ভয়াবহ হামলায় অন্তত দু’জন নিহত এবং ২২ জন গুরুতর আহত হয়েছেন। ইউক্রেনীয় বায়ুসেনা স্বীকার করেছে যে, উপযুক্ত প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের ঘাটতি থাকায় তারা রুশ ক্ষেপণাস্ত্র রুখতে ব্যর্থ হয়। পূর্বে আলাস্কা বৈঠকে পুতিন ভূমি বিনিময়ের শর্ত দিলেও জ়েলেনস্কি তা প্রত্যাখ্যান করেন। বুধবারে আলোচনা ব্যর্থ হওয়ার পর এই হামলায় শান্তিচুক্তি অধরাই রয়ে গেল।