লক্ষ্মীপুজোর আগেই হাত ছোঁয়া দায় ফলের বাজারে, জামরুল ৪০০ টাকা কেজি!
বার্তা ডেস্কঃ
কোজাগরী লক্ষ্মীপুজোর মুখে তিলোত্তমার বাজারজুড়ে যেন আগুনের ছ্যাঁকা। দেবী আরাধনার সামগ্রী কিনতে গিয়ে রীতিমতো পকেটে টান পড়ছে সাধারণ মধ্যবিত্তের। ফল থেকে ফুল—প্রতিটি উপাচারের আকাশছোঁয়া দামে বাজারে পা রাখাই দায় হয়ে উঠেছে। শনিবার কলকাতা ও সংলগ্ন শহরতলির বাজারগুলিতে আপেল বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৮০ থেকে ২২০ টাকায়, পেয়ারা ১৫০ থেকে ২০০ টাকা এবং শসা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৯০ টাকা কেজি দরে। এমনকি জামরুলের কেজি ছুঁয়েছে ৪০০ থেকে ৪৫০ টাকা এবং শাকআলুর দাম দাঁড়িয়েছে ১৮০ থেকে ২২০ টাকায়। সাধারণ কলাও ডজন প্রতি বিকোচ্ছে ৪০ থেকে ৬০ টাকায়।
ফলের পাশাপাশি পুজোর অন্যতম প্রধান উপকরণ ফুলের বাজারও সমান উত্তপ্ত। লক্ষ্মীপুজোয় অপরিহার্য প্রতি পিস পদ্মফুলের কুঁড়ি কিনতে ভক্তদের গুণতে হচ্ছে ৩০ টাকা। অন্যদিকে গাঁদা ফুলের প্রতি মালার দাম হাঁকা হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা, খুচরো ফুল কেজি প্রতি বিকোচ্ছে ৩০ টাকায় এবং একটি রজনীগন্ধার স্টিক মিলছে ২০ থেকে ৩০ টাকায়। সব মিলিয়ে ধনদেবীর কোজাগরী আরাধনার আগে আকাশছোঁয়া বাজারদরে নাভিশ্বাস ওঠার জোগাড় হয়েছে সাধারণ আম বাঙালির।