নজিরবিহীন ‘স্বামী বদল’! অপহৃত স্ত্রীকে খুঁজতে গিয়ে থ আদালতের বিচারপতিরা

স্ত্রী ও কন্যা নিখোঁজ, এই অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক ব্যক্তি। কিন্তু শুনানির পর যা সামনে এল, তাতে চক্ষু চড়কগাছ দুঁদে আইনজীবীদেরও। মধ্যপ্রদেশ হাইকোর্টের গ্বালিয়র বেঞ্চে স্রেফ অপহরণের মামলা খারিজ হয়ে যাওয়া নয়, সামনে এল দুই বোনের ‘স্বামী বদলে’র এক অদ্ভূত পারিবারিক সমীকরণ।

আদালতে চাঞ্চল্যকর স্বীকারোক্তি

নিখোঁজ স্ত্রী ও কন্যাকে ফিরে পেতে হাইকোর্টে ‘হেবিয়াস কর্পাস’ মামলা দায়ের করেছিলেন জনৈক স্বামী। তাঁর অভিযোগ ছিল, জোর করে তাঁর স্ত্রীকে আটকে রাখা হয়েছে। কিন্তু শুনানির সময় ওই মহিলা আদালতে সশরীরে উপস্থিত হয়ে দাবি করেন, তিনি অপহৃত হননি। বরং নিজের মর্জিতেই নিজের বোনের স্বামীর সঙ্গে ঘর করছেন। এখানেই শেষ নয়, এর পরের নাটকীয় মোড় আসে যখন মামলাকারীর শ্যালিকাও (অর্থাৎ যে মহিলার স্বামীর সঙ্গে দিদি ঘর করছেন) আদালতে দাঁড়িয়ে জানান, তিনিও তাঁর দিদির স্বামী অর্থাৎ মামলাকারীর সঙ্গেই সংসার করতে চান।

আদালতের পর্যবেক্ষণ

দুই বোনের এমন অদ্ভূত অদলবদলের সিদ্ধান্তে বিস্মিত হলেও আইনি পথে মামলাটি খারিজ করে দেয় আদালত। বিচারপতিরা জানান, যেহেতু সংশ্লিষ্ট মহিলারা প্রাপ্তবয়স্ক এবং তাঁরা নিজেদের ইচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন, তাই এখানে আইনগতভাবে হস্তক্ষেপ করার জায়গা নেই। এটি একটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় এবং এখানে কোনও বলপ্রয়োগ বা অপহরণের প্রমাণ পাওয়া যায়নি।

মামলা খারিজ

আদালত স্পষ্ট জানিয়ে দেয়, প্রাপ্তবয়স্ক হওয়ার কারণে এই দুই মহিলার নিজেদের সঙ্গী বেছে নেওয়ার পূর্ণ স্বাধীনতা রয়েছে। ফলে অপহরণের অভিযোগের কোনও ভিত্তি নেই। এই নজিরবিহীন ঘটনার কথা সামনে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

প্রতিবেদক: স্বাধীন মানব দাস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *